১৬ বছরের অপেক্ষার অবসান? চরভদ্রাসন-মৈনট ফেরিঘাট

শেয়ার

ফরিদপুর জেলা প্রতিনিধি :

দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার পর নতুন করে আশার আলো দেখছেন চরভদ্রাসনবাসী। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর (মৃধাদাঙ্গী)-ঝাঁউকান্দা (মৈনট) এলাকায় পদ্মা নদীতে ফেরিঘাট চালুর  জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ফেরিঘাট চালুর পাশাপাশি অ্যাপ্রোচ সড়ক, পন্টুন, গ্যাংওয়ে ব্রিজ, ফেরি পরিবহনসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজে এ অর্থ ব্যয় করা হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের  টোল ও এক্সপ্রেস শাখার ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের একটি সরকারি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ফরিদপুর সড়ক বিভাগাধীন চরভদ্রাসন-গোপালপুর (মৃধাদাঙ্গী) সড়কের ঝাঁউকান্দা (মৈনট) নামক স্থানে পদ্মা নদীতে ফেরিঘাট চালুর লক্ষ্যে অ্যাপ্রোচ সড়ক ও ফেরিঘাট নির্মাণ,  ফেরি, পন্টুন, গ্যাংওয়ে ব্রিজ পরিবহন এবং আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য ৫০০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সরকারি নথি অনুযায়ী, ফরিদপুর-৪  আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুলের ২৯ জুন ২০২৬ তারিখের ডিও পত্রের পরিপ্রেক্ষিতে এ বরাদ্দের কার্যক্রম গ্রহণ করা হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের  উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) তাসলিমা আহমেদ পলি স্বাক্ষরিত চিঠিতে বরাদ্দের বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে ইউ ও নোট নম্বর ৩৫.০০.০০০০.০৬০.১৪.০০০৮.১৮.২১০ এবং তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬ উল্লেখ রয়েছে।

এদিকে ফেরিঘাট চালুর উদ্যোগের বিষয়ে  সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল বলেন, গত ১৬ বছর ধরে এই ফেরিঘাট চালুর বিষয়ে এলাকার মানুষ নানা প্রতিশ্রুতি শুনে আসছেন। কিন্তু দীর্ঘ সময়েও কার্যকর অগ্রগতি হয়নি। এবার তাঁর প্রচেষ্টায় ফেরিঘাটটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় অবকাঠামো ও আনুষঙ্গিক কাজের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ফেরিঘাটটি  চালু হলে চরভদ্রাসন ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। পদ্মা নদী পারাপারে সহজ হবে যোগাযোগ ব্যবস্থা এবং উপকৃত হবেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের প্রত্যাশা, ফেরিঘাটটি বাস্তবে  চালু হলে চরভদ্রাসন ও মুন্সীগঞ্জের মৈনটসহ আশপাশের এলাকার মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। একই সঙ্গে যাতায়াতের সময় ও দুর্ভোগ কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

সরকারি বরাদ্দ পাওয়ার পর এখন  স্থানীয়দের প্রত্যাশা—দ্রুত অবকাঠামোগত কাজ শুরু করে ফেরিঘাটটি বাস্তবে চালু করা হোক।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.