রুবেল চক্রবর্তী, ভোলা,প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা রয়েছেন। প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও জনবান্ধব হতে হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, ২০১৮ সালে আমাকে জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। সেই কথা আমি ভুলিনি, জনগণও ভুলে যায়নি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতা, মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে লুটপাট, দুর্নীতি এবং দেশের স্বার্থবিরোধী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। মাদক যুবসমাজকে ধ্বংস করেছে। এ সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, গত ৪০ বছর ধরে আমি চরাঞ্চলসহ সাধারণ মানুষের পাশে ছিলাম, এখনো আছি। মানুষের অধিকার ও জীবনমানের উন্নয়নই আমার মূল লক্ষ্য।
‘আয়নাঘর’ নিয়ে সামনে আসা অভিযোগগুলোরও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে মেজর হাফিজ বলেন, বাংলাদেশের মাটিতে কোনো বিদেশি শক্তির স্বার্থরক্ষাকারী কিংবা দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া যাবে না।
তজুমদ্দিনকে পৌরসভায় উন্নীত করার বিষয়ে তিনি বলেন, তজুমদ্দিনকে পৌরসভায় উন্নীত করার কাজ চলমান রয়েছে। জনগণের সহযোগিতা ও ঐক্য থাকলে ইনশাআল্লাহ এই স্বপ্ন বাস্তবায়ন হবে। তিনি আরও বলেন, ক্ষমতা নয়, জনগণের সেবাই হবে আমাদের রাজনীতির মূল লক্ষ্য। তজুমদ্দিনের প্রতিটি মানুষের অধিকার, উন্নয়ন ও কল্যাণে আমরা কাজ করে যাব।
সভায় সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার, আইনজীবী আমিরুল ইসলাম বাছেদ পাটোয়ারী, চাঁদপুর দক্ষিণ বিএনপির সহসভাপতি মহিউদ্দিন জুলফিকার, ভোলা জেলা যুবদলের সহসম্পাদক গিয়াস উদ্দিন পঞ্চায়েতসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
