প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নতুন স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ

শেয়ার

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্য। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নতুন সদস্যরা হলেন রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ।

সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন। নতুন সদস্যরা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। জবাবে প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানান এবং দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে দেশের সার্বিক উন্নয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষ বিএনপির ওপর যে আস্থা রেখেছে, তা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে স্থায়ী কমিটিকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকার ও দলের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্র পরিচালনায় গতিশীলতা আনতে দলের শীর্ষ নেতাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। গত ১৫ আগস্ট সাংগঠনিক গতিশীলতা বাড়াতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে এই চার নেতাকে যুক্ত করা হয়।

এদিকে, নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্যরা দলের ও সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তারা একযোগে কাজ করার অঙ্গীকার করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারা ভূমিকা রাখতে চান।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.