গোপনে বিয়ের গুঞ্জনে ক্ষুব্ধ পূজা চেরি

শেয়ার

গোপনে বিয়ের খবর ছড়িয়ে পড়ায় চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এসব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করেছেন তিনি। একই সঙ্গে অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক ব্যবসায়ীর সঙ্গে গোপনে পূজা চেরির বিয়ে হয়েছে—এমন খবর ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে বিষয়টি নিয়ে মুখ খোলেন পূজা। তিনি জানান, গত কয়েক দিন ধরে তাকে জড়িয়ে বিভিন্ন মাধ্যমে একাধিক ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে।

নিজের বিয়ের বিষয়ে পূজা বলেন, তিনি আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক করা হয়েছে। তবে এখনও তার বিয়ে হয়নি বলে স্পষ্ট করেন অভিনেত্রী। তিনি জানান, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নিজেই আনন্দের সঙ্গে সবাইকে জানাবেন। বর্তমানে নতুন কাজের প্রস্তুতির জন্য নিজেকে সময় দিচ্ছেন বলেও জানান তিনি।

পূজা আরও বলেন, কোনো তথ্য যাচাই না করে বারবার তাকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশের উদ্দেশ্য তার বোধগম্য নয়। তার ভাষ্য অনুযায়ী, বিয়ের বিষয়ে লুকানোর কিছু নেই এবং বিয়ে হলে গণমাধ্যম ও ভক্তদের সবার আগে জানানো হবে। একই সঙ্গে তার নীরবতাকে ভিত্তিহীন সংবাদ প্রকাশের সুযোগ হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দিয়েছেন পূজা চেরি। নিজের পোস্টে বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার কথা উল্লেখ করে ব্যক্তিগত গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার রয়েছে বলে জানান তিনি। গণমাধ্যমের সহযোগিতা ও দর্শকদের ভালোবাসাকে সম্মান করেন উল্লেখ করে পূজা বলেন, তার নীরবতার সুযোগ নিয়ে অপপ্রচার চালানো হলে নিজের আইনি অধিকার রক্ষায় তিনি বাধ্য হবেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.