রায়পুরে বিশ্বধর্ম মঞ্জিলে চুরির অভিযোগ, নিরাপত্তাহীনতায় মহাপরিচালক

শেয়ার

 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকায় অবস্থিত বিশ্বধর্ম মঞ্জিলে কয়েক দফা চুরির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির মালামাল রাখার গোডাউন ও অফিসকক্ষ থেকে নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি, টিনসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন  এর মহাপরিচালক ইউসুফ। এ ঘটনায় তিনি পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
অভিযোগপত্রে ইউসুফ উল্লেখ করেন, ২০২৫ সাল থেকে বিশ্বধর্ম মঞ্জিলের গোডাউন ও বিভিন্ন স্থাপনা থেকে ধাপে ধাপে মালামাল চুরির ঘটনা ঘটছে। গোডাউনে রাখা নির্মাণকাজের সরঞ্জাম, পানিতোলার মোটর, বালতি, দা, কোদালসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এ  ছাড়া গোডাউনঘরের চারপাশের বেড়া ও চালের ১৯টি টিন খুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এসব মালামালের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির প্রায় ৫০০ ইট ও ১২ বস্তা বালু চুরি হয়েছে। এতে নির্মাণকাজ ও প্রতিষ্ঠানের সম্পদ রক্ষণাবেক্ষণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মহাপরিচালকের অভিযোগ অনুযায়ী,  গত ২৫ জানুয়ারি রাতে বিশ্বধর্ম মঞ্জিলের অফিসকক্ষের চালের একটি টিন খুলে ভেতরে প্রবেশ করে বিভিন্ন সামগ্রী নেওয়া হয়। এর মধ্যে সৌদি আরব থেকে দেওয়া ছয়টি নামাজের মসলা, তসবিহ, মালা, টুপি, স্টিলের খাবার প্লেট, নাশতার প্লেট, চায়ের কাপ, গ্লাস ও চামচ ছিল। এসব সামগ্রীর আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।
ইউসুফের দাবি, পরবর্তী সময়ে আরও কিছু মালামাল সরিয়ে নেওয়ার প্রস্তুতির খবর পেয়ে স্থানীয় কয়েকজন বিষয়টি জানতে পারেন। অভিযোগপত্রে তিনি কয়েকজন স্থানীয় ব্যক্তির নামও উল্লেখ করেছেন, যাঁরা ঘটনাটি সম্পর্কে অবগত বলে তাঁর দাবি।
অভিযোগকারী জানান, বিশ্বধর্ম মঞ্জিলের অবস্থান ও নিজের বাসস্থানের দূরত্বের কারণে প্রতিষ্ঠানটির সম্পদ পাহারা দেওয়া কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতির কারণে বর্তমানে তিনি নিজের বাড়িতে না থেকে প্রতিষ্ঠানটিতে অবস্থান করে পাহারা দিচ্ছেন। বারবার  চুরির অভিযোগে প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন।
এ বিষয়ে ইউসুফ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.