আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
প্রবাস থেকে প্রেরিত অর্থের হিসাব চাওয়ায় মারিয়া বেগম (২৫) নামের এক প্রবাসীর স্ত্রী’কে শাশুড়ি ও ননদ কর্তৃক বসত ঘর থেকে বিতাড়িত এবং মারধর করনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেবনগর গ্রামের আমীর উদ্দিন বেপারী বাড়িতে। বর্তমানে গৃহবধূ মারিয়া দুই সন্তান নিয়ে ৯দিন যাবত গ্রামের ওয়াব মেম্বার বাড়ীর মামাশ্বশুরের ঘরে মানবেতর জীবন যাপন করছে।
অমীর উদ্দিন বেপারী বাড়ির মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ওমর ফারুক জানান, বিগত ১২ বছর পূর্বে তিনি সৌদি আরব যান। এরপর ছয় বছর পূর্বে বিয়ে করেন মারিয়াকে। বিদেশ যাওয়ার পর থেকে ফারুক তার মা শাহানারা বেগম সহ বোনদের কাছে বিভিন্ন মাধ্যমে ৬০ লাখ টাকা প্রেরণ করেন। ওই টাকার হিসাব চাইলে ১৪ লাখ টাকার গড়মিল পাওয়া যায়। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মা এবং বোনদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার স্ত্রী মারিয়া বিগত ৯মাস পূর্বে পিত্রালয়ে চলে যান। অতঃপর তার নির্দেশে মারিয়া গত ৪ সেপ্টেম্বর শশুর বাড়ি আসেন। এতে ক্ষিপ্ত হয়ে ৫ সেপ্টেম্বর শাশুড়ি এবং ননদ মারিয়াকে বসতঘর থেকে বের করে দিলে দুই সন্তান নিয়ে গৃহবধূ আশ্রয় নেন পাশের ওয়াব মেম্বার বাড়ীর মামাশ্বশুরদের ঘরে। এমন সংবাদ পেয়ে অভিযুক্তরা সেখানে গিয়েও মারিয়া কে মারধর করেন এবং তার হাতের এন্ড্রয়েড মোবাইল ভেঙে ফেলে।
বিষয়টি ওমর ফারুকের মামা হুমায়ুন কবির, মোবারক উল্লাহ, আলমগীর হোসেন স্বীকার করেছেন।
এ ব্যাপারে অভিযোগকারীর মা ও মারিয়া বেগমের শাশুড়ি ছেলের আনীত অভিযোগ মিথ্যে বলেছেন। বরং তাকে কোন খরচ পাতি দেয়না বলে অভিযোগ এনেছেন ছেলে ফারুকের বিরুদ্ধে। যার কারনেই বসতঘর থেকে ছেলের বউকে বের করে দিয়েছেন বলে জানান তিনি।
বিথিসহ দুই বোন জানান, ভাই এবং ভাবী বিভিন্ন মাধ্যমে মা এবং তাদের বিরুদ্ধে বিশ্রী অপপ্রচার চালায়। যে বসতঘরে তারা থাকেন সে বসত ঘর মা সহ সকল ভাই বোনের। ওই বসতঘর ভাই ওমর ফারুক চায় একাই ভোগ করতে। তাদের আরেক ভাই বেকার। তাই এমন সিদ্ধান্তে তারা রাজি নয়।
