বাবুল খানঃ
আসন্ন গোসিংগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফর রহমান আলম প্রধান সাত শতাধিক যানবাহন নিয়ে ব্যাপক শোডাউন করেছেন। শোডাউন উপলক্ষে শুক্রবার জুমার নামাজের পর থেকেই গোসিংগা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা খন্ড খন্ড মিছিল নিয়ে হায়াৎখারচালা ইঞ্জিনিয়ার লুৎফর রহমান আলম প্রধানের বাড়ির সামনে সমবেত হতে থাকে।
বিকাল তিনটায় বিশটি ব্যক্তিগত গাড়ি চার শতাধিক মোটরসাইকেল, তিনশ অটো রিস্কাা ও প্রায় তিন হাজার লোক নিয়ে শোডাউন শুরু হয়ে প্রথমে বাউনি-পটকা রাস্তা পার হয়ে শ্রীপুর -গোসিংগা রোড প্রদক্ষিণ করে গোসিংগা বাজারে এসে সংক্ষিপ্ত গণসংযোগ করে পরবর্তীতে লতিবপুর -নারায়ণপুর রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় হায়াৎখারচালা এসে শোডাউন সমাপ্ত হয়।
শোডাউন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফর রহমান আলম প্রধান বলেন, আমি গোসিংগা ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি বিশ্বাস করি দল আমাকে মনোনয়ন দিবে । তিনি আরো বলেন, গোসিংগা ইউনিয়নের সাধারণ জনগণ আমাকে গ্রহণ করেছে, আমি ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আমি নির্বাচিত হলে গোসিংগা ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
