কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি-
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নিজের প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন তরুণ সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী মীর ফিরোজ রাইহান।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চর ফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নিজের নিজ এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রদ্ধেয় মুরুব্বি ও আত্মীয়স্বজনদের সাথে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে তিনি এই আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন।
উক্ত মতবিনিময় সভায় এলাকার সর্বস্তরের মানুষের উপচে পড়া উপস্থিতি লক্ষ করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য ওমর ফারুক বাবুল, হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যাপক মো. আক্তার হোসেন, হাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিজান দেওয়ান, প্রবীণ রাজনীতিবিদ ডাক্তার আব্দুল মালেক এবং সমাজসেবক ইমাম হোসেনসহ এলাকার বিভিন্ন পেশাজীবী ও সর্বস্তরের জনগণ।
সভায় বক্তারা মীর ফিরোজ রাইহানের বিগত দিনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, রাইহান দীর্ঘ দিন ধরে এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। অন্ধ ও চক্ষু রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং দীর্ঘদিন অবহেলিত থাকা গ্রামীণ রাস্তাঘাট সংস্কারে তিনি ব্যক্তিগত উদ্যোগে অসামান্য অবদান রেখেছেন।
অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে চেয়ারম্যান পদপ্রার্থী মীর ফিরোজ রাইহান বলেন, “আমি দীর্ঘদিন ধরে নিজের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। দলমত নির্বিশেষে এলাকার সকল শ্রেণী-পেশার মানুষের ভালোবাসা ও অনুরোধেই আমি এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে চর ফলকনবাসী আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে আমি এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় নিজেকে পুরোপুরি উৎসর্গ করব।”
মতবিনিময় সভা শেষে তিনি এলাকার মুরুব্বি ও সাধারণ মানুষের দোয়া চেয়ে গণসংযোগ পরিচালনা করেন।
