আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে ফসলি মাঠ থেকে মোস্তাফিজুর রহমান (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৬মে (বুধবার) সকালে উপজেলার ৮নং ওয়ার্ডর দক্ষিণ শ্রীরামপুর এলাকার রাজবাড়ির সামনে ফসলী মাঠে এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান ওই এলাকার মরহুম বাচ্ছু মিয়ার ছোট ছেলে। সকালে এলাকাবাসী মাঠে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে রামগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। মরদেহের শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
