আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের চৌধুরী বাজারে পানি উন্নয়ন বোর্ডের জবরদখলকৃত সম্পত্তি পরিদর্শনে গিয়ে লাঞ্চিত হয়েছেন বোর্ডের দুই কর্মচারী। ঘটনাটি ঘটেছে ৭মে বৃহস্পতিবার সকালে।
লাঞ্চিতরা হলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ কর্মকর্তা মোঃ শাহীন ও এসও মোঃ শাকিল। জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের জবরদখলকৃত সম্পত্তি পরিদর্শনে গেলে সেখানে অবস্থানরত দখলকারীদের সঙ্গে তাদের বাকবিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে দখলকারীদের তোপের মুখে পড়ে ওই দুই কর্মচারী লাঞ্চিতের শিকার হন। পরে পরিস্থিতি বেগতিক দেখে তারা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ নাহিদুজ্জামান খান । চৌধুরী বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের ওই জায়গা স্থানীয় কিছু ব্যক্তি জবরদখল করে ব্যবসা পরিচালনা করে আসছেন।
সম্প্রতি জায়গাটি পরিদর্শনে গেলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে দখলকারীদের বাকবিতন্ডার সৃষ্টি হয়। জেলা পানি উন্নয়ন বোর্ডের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ কর্মকর্তা মোঃ শাহীন ও এসও মোঃ শাকিল জানান, বিষয়টি আমরা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রামগঞ্জ ভূমি কর্মকর্তাকে জানানো হয়েছে। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ নাহিদুজ্জামান খান জানান, বিষয়টি আমি জেনেছি। জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলোচনা করে দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এয়াড়াও খুব শীঘ্রই পানি উন্নয়ন বোর্ডের জবরদখলকৃত সম্পত্তি উদ্ধার করা হবে।
