রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুঁয়ে মাদক ছাড়ার অঙ্গীকার

শেয়ার

 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে মসজিদ ছুঁয়ে মাদক সেবন ও বিক্রি থেকে বিরত থাকার অঙ্গীকার করেছেন একটি গ্রামের যুবক ও উঠতি বয়সী কিশোররা। মাদকের ভয়াবহ বিস্তার ঠেকাতে শুক্রবার রাতে এশার নামাজের পর এ অভিনব শপথ গ্রহণ করা হয়।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেবনগর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামের মাঝখানে অবস্থিত ম সজিদ ছুঁয়ে শপথবাক্য পাঠ করান দেবনগর গ্রামের সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া।

বাচ্চু মিয়া বলেন, ভোলাকোট ইউনিয়নে মাদকের বিস্তার ভয়াবহ রূপ ধারণ করেছে। তাদের গ্রামের  অনেকেই মাদক সেবনের সঙ্গে জড়িত। মাদক সেবনের সময় ধরা পড়ার পর আর মাদক সেবন করবে না বলে অঙ্গীকার করলেও অনেকে পরে আবারও মাদকাসক্ত হয়ে পড়েন। এ কারণে এলাকার যুবক ও উঠতি বয়সী কিশোরদের মাদক সেবন ও বিক্রি থেকে দূরে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শপথ নেওয়া যুবক-কিশোররা মসজিদ ছুঁয়ে অঙ্গীকার করেছে, তারা আর কখনো মাদক সেবন করবে না। পাশাপাশি কাউকে  মাদক সেবন করতে বা মাদক বিক্রি করতেও দেবে না।

এ বিষয়ে ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মজুমদার বলেন, বিষয়টি তিনি জেনেছেন এবং এটিকে ইতিবাচক  উদ্যোগ হিসেবে দেখছেন। এলাকায় মাদকের ভয়াবহতার বিষয়টি তিনি ইতোমধ্যে থানার ওসিকেও জানিয়েছেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, শপথ নেওয়ার পর কতদিন তারা তা রক্ষা করতে পারে, সেটিই এখন দেখার বিষয়। মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ নিয়মিত  সভা-সমাবেশ করছে। ইতোমধ্যে কয়েকজন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.