মাদক, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে দৃঢ় পদক্ষেপ নিয়েছে সরকার

শেয়ার

 

মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টারঃ

খুলনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারি হেলাল বলেছেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে বর্তমান সরকার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। যারা মব সন্ত্রাস, ভূমি দখল,  চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দেশের মানুষ যেন সুখী, সমৃদ্ধ ও নিরাপদে বসবাস করতে পারে, সে লক্ষ্যে সরকার সব  ধরনের কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করছে। নির্বাচন-পরবর্তী সময়ে একটি স্বার্থান্বেষী মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব অশুভ তৎপরতা কঠোর হাতে দমন করা হবে।

মাদক প্রসঙ্গে তিনি বলেন, খুলনা-৪ আসনে মাদক ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি  গ্রহণ করা হয়েছে। মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী কোনো দলের হতে পারে না। এ ধরনের অপকর্মে জড়িত কিংবা আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রজাতন্ত্রের কাজ সুষ্ঠু, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।  দলমত নির্বিশেষে সবাইকে দেশের অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।  পরে খুলনা জেলা প্রশাসন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা।  সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.