মব সহিংসতার আশঙ্কায় সরকারি বাসভবন ছাড়তে অনাগ্রহী সাবেক উপদেষ্টারা—এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক প্রশাসনিক সূত্রে।
মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন
সাবেক অন্তর্বর্তী সরকারের সময় বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দেশি-বিদেশি মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-সহ সংশ্লিষ্টরা বারবার নাগরিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিলেও ১৮ মাসের সার্বিক চিত্র নিয়ে প্রশ্ন থেকেই যায়।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) গত ৪ ফেব্রুয়ারির প্রতিবেদনে জানিয়েছে, ১৭ মাসে রাজনৈতিক সহিংসতা, মব আক্রমণ, সাংবাদিক নির্যাতন, মতপ্রকাশের স্বাধীনতায় বাধা, সীমান্ত হত্যা ও আইনশৃঙ্খলার অবনতিসহ নানা ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে
অন্যদিকে নিউইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) তাদের বার্ষিক প্রতিবেদনে মব সহিংসতা, সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ, রাজনৈতিক বিবেচনায় গ্রেফতার ও বিচারহীন আটকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
যদিও ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যার ঘটনা কমেছে বলে দাবি করা হয়, তথাপি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, হেফাজতে মৃত্যু ও নির্যাতনের ঘটনায় ১৭ মাসে ৬০ জন নিহত হওয়ার তথ্য রয়েছে। একই সময়ে কারাগারে মারা গেছেন ১২৭ জন, যাদের মধ্যে রাজনৈতিক বন্দিও আছেন
মব সহিংসতা: পরিসংখ্যানের উদ্বেগ
এই সময়কালে মব সহিংসতা বড় উদ্বেগ হয়ে দাঁড়ায়। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৪১৩টি ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫৯ জন এবং আহত হয়েছেন ৩১৩ জন। বিশ্লেষকদের মতে, এটি আইনের শাসন ও বিচারব্যবস্থার দুর্বলতারই প্রতিফলন।
সাবেক উপদেষ্টাদের নিরাপত্তা শঙ্কা
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হলেও সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা আশঙ্কা করছেন, জনরোষ বা মব হামলার মুখে পড়তে পারেন তারা। এ কারণে সরকারি বাসভবনের অতিরিক্ত নিরাপত্তা ছাড়তে অনীহা দেখাচ্ছেন অনেকে।
তবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় চাইছে নির্ধারিত সময়ের মধ্যেই এসব বাসভবন খালি হোক। চলতি মাসের মধ্যেই বাসা ছাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।
বিশেষ প্রয়োজনে এক থেকে দুই মাস সময় দেওয়া হতে পারে, তবে সে ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে।
আবাসন পরিদফতরের পরিচালক মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সাবেক উপদেষ্টাদের আবাসন বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা নেই এবং তারা পেনশন সুবিধাও পান না। তাই তাদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
সংরক্ষিত, বার্তা ২৪
