নরসিংদী প্রতিনিধি;
নরসিংদীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে জেলা যুবদল। কেন্দ্রীয় যুবদলের ঘোষিত ‘অঙ্গীকার, পরিবেশ রাখবো পরিষ্কার’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী রেলস্টেশন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে স্টেশন চত্বর ও প্ল্যাটফর্মের বিভিন্ন স্থানে মশক নিধনের ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে ফগার মেশিন ব্যবহার করে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। স্টেশন এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিচ্ছন্নতা কার্যক্রমও চালানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূঁইয়া, শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ বলেন, ডেঙ্গু বর্তমানে মহামারি আকারে দেখা দিয়েছে। নরসিংদী শহরকে দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, শহরের পরিবেশ উন্নয়ন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সময় প্রয়োজন। বর্তমান সরকারকে উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নরসিংদী শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য যুবদলের এ কার্যক্রম। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান তিনি।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান বলেন, নরসিংদী পৌর এলাকার বিভিন্ন স্থান অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে এসব বিষয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা স্টেশন এলাকার মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করেন।
