ডেঙ্গু প্রতিরোধে মাঠে আনসার-ভিডিপি: ফুলতলায় খাল পরিষ্কার ও মশক নিধন অভিযান”

শেয়ার

 

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে খুলনার ফুলতলা উপজেলায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান  পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শনিবার উপজেলার দামোদর ইউনিয়নের জোড়া বটতলা ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসা ও এতিমখানা  সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় খালের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, কচুরিপানা ও জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে সরাসরি অংশ নেন স্থানীয় আনসার-ভিডিপির সদস্যরা।

উপজেলা প্রশিক্ষক আব্দুল্লাহ-আল রাসেলের  তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে অংশ নেন দলনেতা আবুল খায়ের, দলনেত্রী পারভীন বেগমসহ স্থানীয় আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবী সদস্যরা।

অভিযানে খালে জমে থাকা কচুরিপানা ও আবর্জনা অপসারণের পাশাপাশি পানি চলাচলের  প্রতিবন্ধকতা দূর করা হয়। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয় এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়।

এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়  বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে আলোচনা করা হয়। বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা বলেন, শুধু অভিযান পরিচালনা করলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়; এর  পাশাপাশি নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

আনসার-ভিডিপি সদস্যদের এমন স্বতঃস্ফূর্ত ও জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত  জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা, পরিচ্ছন্নতা ও সম্মিলিত সামাজিক উদ্যোগের  ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.