মাঠ পর্যায়ে স্থানীয় সরকারের অন্যতম অঙ্গন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে তৃণমূলে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। ঠিক সে সময়ে মানুষের দ্বারে দ্বারে ছুটছেন লক্ষ্মীপুরের কমলনগরে চর কালকিনি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মেহেদী হাসান লিটন।
স্থানীয় সূত্র বলছে, টানা কয়েক বার ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ায় স্থানীয়ভাবে ব্যাপক জন সম্পৃক্ততা আছে তার। সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেড়ে ওঠা লিটনের সামাজিকভাবে রয়েছে ব্যাপক জনসমর্থন।
আসছে নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের আনাচে-কানাচে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পারছেন তিনি।
বিএনপি নেতাকর্মীদের দাবি, দলীয় সমর্থন ও সাধারণ মানুষের ভালোবাসায় বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন তিনি।
স্থানীয় বিএনপি নেতা মো. ইব্রাহিম খোকন জানান, তারুণ্যের ভোটে নির্বাচিত হবেন তিনি। বিগত দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমরা আশাবাদী, সাধারণ মানুষের উন্নয়নে তিনি কাজ করে যাবেন।
চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান লিটন বলেন, নদীভাঙনে জর্জরিত চর কালকিনির মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। দীর্ঘ সময় ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী এখানকার মানুষকে শোষণ করেছে। এখন সাধারণ মানুষ চায়, রাজনীতিতে সুন্দর পরিবর্তন আসুক। দল চাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন দাখিল করবো।
