খুলনায় বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উচ্ছ্বসিত হাজারো শিশু-কিশোর

শেয়ার

হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টার:

খুলনায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ, শারীরিক ও মানসিক বিকাশ এবং তৃণমূল  পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে খুলনা জেলা স্টেডিয়ামে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে অনলাইনে দেশের ৫০৩টি উপজেলায় এ প্রতিযোগিতার উদ্বোধনী কার্যক্রমের সূচনা করেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্টেডিয়ামে উপস্থিত হাজারো শিশু-কিশোর ও ক্ষুদে ক্রীড়াবিদদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রধানমন্ত্রী স্টেডিয়ামে প্রবেশ করলে গ্যালারিতে অবস্থানরত শিক্ষার্থীরা করতালি ও হাত নেড়ে তাঁকে অভিবাদন জানায়। প্রধানমন্ত্রীও তাদের শুভেচ্ছার জবাব দেন এবং মাঠের ভেতর দিয়ে গ্যালারির কাছাকাছি গিয়ে শিশু-কিশোরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পুরো স্টেডিয়ামজুড়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

এবারের আসরে অংশ নিতে সারা দেশ থেকে অনলাইনে নিবন্ধন করেছে রেকর্ডসংখ্যক ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী। আগের আটটি ইভেন্টের পাশাপাশি এবার নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা।

প্রতিযোগিতার মূল লক্ষ্য হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের যথাযথ প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ সৃষ্টি করা। এর মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ ক্রীড়াবিদ তৈরির পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের বহুমুখী প্রতিভা বিকাশের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শুধু পড়ালেখা করলেই চলবে না। এর পাশাপাশি প্রত্যেক শিশুকে খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিচর্চায় দক্ষতা অর্জন করতে হবে। কারণ, শুধু শিক্ষার মাধ্যমে বিশ্ব জয় করা সম্ভব নয়। বিশ্বে এগিয়ে যেতে হলে জ্ঞান, খেলাধুলা, শিল্প ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রেই পারদর্শী হতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিকেএসপির শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি চীনা শিক্ষার্থীদের পরিবেশিত দেশটির ঐতিহ্যবাহী ড্রাগন ড্যান্স ও লায়ন ড্যান্সও অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে স্টেডিয়াম প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত হচ্ছে এবারের প্রতিযোগিতা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রীড়া পরিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে। আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র অনুপ্রেরণায় শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং নতুন প্রজন্মকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার লক্ষ্যে গত ২ মে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরের উদ্বোধন করা হয়েছিল। প্রথম আসরের তুলনায় দ্বিতীয় আসরে নিবন্ধনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।খুলনা থেকে শুরু হওয়া দ্বিতীয় আসরের এই আয়োজন দেশের শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনের জন্য নতুন প্রতিভা অন্বেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.