মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টার
খুলনায় ঘটেছে এক হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা। নিখোঁজ হওয়ার মাত্র ১২ ঘণ্টার মাথায় সাড়ে ৪ বছরের শিশু জান্নাতুল মাওয়া’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যা পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, শিশুটি নগরীর লবনচরা থানাধীন রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা শাহাজালালের মেয়ে। সোমবার দুপুরে সে তার বাবা-মায়ের সাথে ছোট মামার বিয়ের দাওয়াতে অংশ নিতে সাচিবুনিয়া মোহাম্মাদপুর এলাকায় যায়।
দাওয়াতের একপর্যায়ে পরিবারের পরিচিত এক ব্যক্তি শিশুটিকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়। সময় গড়াতে থাকলেও মাওয়া ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে মা ফোন করলে ওই ব্যক্তি জানায়, মাওয়া আইসক্রিম খাচ্ছে এবং কিছুক্ষণ দেরি হবে। কিন্তু এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়, যা সন্দেহ আরও বাড়িয়ে তোলে।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান না পেয়ে অবশেষে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে পুলিশ দ্রুত অনুসন্ধান শুরু করে।
অবশেষে সোমবার রাত প্রায় ২টার দিকে পুলিশ ও পরিবারের সদস্যদের সহায়তায় হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে শিশুটির নিথর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে মরদেহের পাশে একটি দড়ি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দড়ি দিয়ে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে।
লবনচরা থানার অফিসার ইনচার্জ মো: তুহিনুজ্জামান জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
এই নির্মম ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভ। একটি নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যু সমাজের জন্য বড় একটি সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবারসহ সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
একটি হাসিখুশি শিশুর এমন মর্মান্তিক পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছে এলাকাবাসী।
