খুলনায় অস্ত্র-কার্তুজসহ যুবক আটক, পালাল দুই সহযোগী

শেয়ার

মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টার

খুলনা মহানগরীর পূর্ব বানিয়া খামার এলাকায় ওয়ান শুটার গান, দুই রাউন্ড কার্তুজ ও একটি চাপাতিসহ মো. কামরান হোসেন (২৪)  নামে এক যুবককে আটক করেছে স্থানীয় লোকজন। এ সময় তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় আরও দুই ব্যক্তি পালিয়ে যায়।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে নগরীর সদর থানাধীন পূর্ব বানিয়া খামার ইঞ্জিনিয়ার গলিতে এ ঘটনা ঘটে।পুলিশের পাঠানো প্রাথমিক তথ্য অনুযায়ী, কামরান হোসেনসহ তিনজনকে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁদের কথাবার্তায় অসংগতি দেখা দিলে স্থানীয়রা কামরানের সঙ্গে থাকা একটি ব্যাগ ধরে টান দেন। এ সময় ব্যাগ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড কার্তুজ ও একটি চাপাতি রাস্তায় পড়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করলে দুই ব্যক্তি পালিয়ে যায়। এ সময় কামরান হোসেনকে আটক করে মারধর করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক তথ্যে আরও জানা গেছে, আটক কামরান হোসেন খুলনার আলোচিত একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য জিতু ও সিজানের সহযোগী বলে জানা গেছে।

এ ঘটনায় উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস, আটক যুবকের সংশ্লিষ্টতা এবং পালিয়ে যাওয়া দুই ব্যক্তির পরিচয় শনাক্তে তদন্তের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তাঁদের আটক করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.