আদালতের জামিন নিয়ে এসে ফের শ্বশুর-শাশুড়ির ওপর জামাইয়ের হামলার অভিযোগ

শেয়ার

 

এহসান রিয়াজ, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগরে হামলার  মামলায় আদালতে আত্মসমর্পণ করে আপস-মীমাংসার শর্তে ২০ দিনের জামিন পেয়েছেন মেয়ের জামাই আমির হোসেন(৩৫)। তবে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার পরই শ্বশুর-শাশুড়ির ওপর আবারে হামলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায়  উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তাজু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
এতে শ্বশুর মো.দুলাল(৫০) ও শাশুড়ি হোসনেয়ারা (৪৫) দুজনই গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্ত আমির হোসেন চরফলকন  ইউনিয়নের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। তিনি হাজিরহাট বাজারের মাংস ব্যবসায়ী। পরিবার নিয়ে তিনি শ্বশুর বাড়িতে বসবাস করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ারিশ ও ক্রয়সূত্রে চর জাঙ্গালীয়া মৌজায় বসতবাড়ির ১১  শতক জমির মালিক হোসনেয়ারা বেগম। ২০১৫ সালে ওই বাড়ি থেকে ৪ শতক জমি মেয়ে শেফালী বেগমকে দান করেন তিনি। সেখানে ঘর তুলে বসবাস করছেন মেয়ে ও জামাই আমির হোসেন।
আমির হোসেন প্রায়ই বাড়ির দরজার উন্মুক্ত স্থানে গরু জবাই করেন এবং বর্জ্য ও মলমূত্র খোলা জায়গা ও বাড়ির পুকুরে ফেলেন। এতে দুর্গন্ধে হোসনেয়ারা দম্পতির বসবাস কঠিন হয়ে পড়ে। বর্জ্য ফেলতে নিষেধ করলে তাদের গালিগালাজ ও হুমকি দেওয়া  হতো নিয়মিত।
এর জেরে জামাই আমির হোসেন গত ২৫ জুলাই দুপুর ১২টার দিকে ওই ১১ শতক জমিতে গরুর গামলা বসিয়ে দখলের চেষ্টা করেন। বাড়ির গাছপালা  কেটে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করেন। বাধা দিতে গেলে হোসনেয়ারা বেগমকে মারধর, শ্বাসরোধের চেষ্টা এবং গলা ও কানের স্বর্ণালংকার ছিনিয়ে নেন আমির হোসেন ও তার অনুসারীরা।
এ ঘটনায় গত ২৮ জুলাই ২০২৬  সালে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেন হোসনেয়ারা বেগম। মামলায় আমির হোসেন , তাঁর বোনজামাই আবু তাহের নান্নু (৪৫), স্ত্রী শেফালী বেগম (৩০) এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য কমলনগর থানাকে দায়িত্ব দেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে। পরে আসামিদের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারা এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।

সেই মামলায় সোমবার আমির হোসেন আদালতে আত্মসমর্পণ করে শাশুড়ির সঙ্গে বিরোধ মীমাংসার জন্য সময় চান। আদালত আপোষ-মীমাংসার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে ২০ দিনের সময় দিয়ে জামিন দেন। তবে জামিনে বাড়ি ফেরার পরই তিনি শাশুড়ির ওপর আবার হামলা করেন । এ সময় স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে শ্বশুর দুলালও হামলার শিকার হন। এতে দুজনই গুরুতর আহত হন।

শাশুড়ি হোসনেয়ারা বেগম বলেন, আদালত থেকে জামিন পেয়ে বাড়িতে এসেই অকথ্য ভাষায় গালিগালাজ করে আমির হোসেন।পরে আমার স্বামী সহ দুজনকে এলোপাতাড়ি মারধর করে।এখন  পর্যন্ত আমাকে সে চারবার মেরেছে।আমার বাড়ির রাস্তা দিয়ে সে আমাকে হাটতে দেয়না বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে আমির হোসেন বলেন, তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা করা হয়েছে।  শাশুড়ির সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেন তিনি।

কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।  পরে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।
তবে সোমবারের হামলার বিষয়ে কেউ অবহিত করেননি বলে জানান তিনি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.