মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টার
সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা পুণ্যার্থীবাহী বোটসহ ২৯ জনকে জীবিত ও নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, ২১ নভেম্বর রাতে ডাংমারি ফরেস্ট অফিস থেকে পাস নিয়ে দুবলার চরের উদ্দেশে যাত্রা করে বোটটি। ২২ নভেম্বর রাতে রূপের গাং এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে বোটটি নদীতে ভাসতে থাকে।
পরে এক পুণ্যার্থীর জরুরি নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে কোস্ট গার্ডের দুবলা আউটপোস্টের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে লইট্টা খালি খাল এলাকা থেকে ২৯ জনকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে। তাঁদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, জনসেবায় তাদের এ ধরনের উদ্ধার ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
