মোখলেছুর রহমান ধনু,, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি,
রাজনীতি ও ক্ষমতার চেয়ে নিজ শিকড় ও মাতৃভূমির আত্মিক টানের মূল্য অপরিসীম বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ। একই সঙ্গে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশপ্রেমের রাজনীতি করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পৈতৃক বাড়িসংলগ্ন এলাকায় স্থানীয়দের আয়োজনে এক সৌজন্য ও স্মৃতিচারণমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জন্মমাটি ও মায়ের কথা স্মরণ করে আবেগপ্লুত ইসমাইল জবিউল্লাহ বলেন, “আমাদের দলের মূল দর্শন—’সবকিছুর আগে বাংলাদেশ’। মতের ভিন্নতা থাকলেও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা যাবে না।”
শৈশবের স্মৃতিচারণ করে ভুলুয়া নদীর নাব্যতা সংকট ও জলাবদ্ধতা নিয়ে তিনি জানান, নদীটি পুনঃখননের বিষয়ে পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। অচিরেই ভুলুয়া নদী পুনঃখনন ও সংস্কার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
অনুষ্ঠানে আলেকজান্ডার সরকারি কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন মিঠু, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক এম দিদার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে তিনি হাজিরহাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পানির ফিল্টার ও চিকিৎসা উপকরণ হস্তান্তর করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসিসহ স্থানীয় বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
