ভুলুয়া নদী পুনঃখনন কাজ অচিরেই শুরু হচ্ছে, ইসমাইল জবিউল্লাহ

শেয়ার

মোখলেছুর রহমান ধনু,, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি,

​রাজনীতি ও ক্ষমতার চেয়ে নিজ শিকড় ও মাতৃভূমির আত্মিক টানের মূল্য অপরিসীম বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ। একই সঙ্গে দেশের  স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশপ্রেমের রাজনীতি করার আহ্বান জানিয়েছেন তিনি।

​মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের  কমলনগর উপজেলার পৈতৃক বাড়িসংলগ্ন এলাকায় স্থানীয়দের আয়োজনে এক সৌজন্য ও স্মৃতিচারণমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​জন্মমাটি ও মায়ের কথা স্মরণ করে আবেগপ্লুত ইসমাইল জবিউল্লাহ বলেন, “আমাদের দলের মূল দর্শন—’সবকিছুর আগে বাংলাদেশ’। মতের ভিন্নতা থাকলেও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস  করা যাবে না।”

​শৈশবের স্মৃতিচারণ করে ভুলুয়া নদীর নাব্যতা সংকট ও জলাবদ্ধতা নিয়ে তিনি জানান, নদীটি পুনঃখননের বিষয়ে পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। অচিরেই ভুলুয়া নদী পুনঃখনন ও  সংস্কার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

​অনুষ্ঠানে আলেকজান্ডার সরকারি  কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন মিঠু, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক এম দিদার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে তিনি হাজিরহাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পানির ফিল্টার ও চিকিৎসা উপকরণ হস্তান্তর করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসিসহ স্থানীয় বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.