আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলায় পুলিশ মোঃ শরীফুল ইসলাম (৪৮) এবং মোঃ সাজিদুল ইসলাম মজুমদার প্রকাশ মাহি (১৯) নামের দুই জনকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ জুন) রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দীন চৌধুরীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল জলিল রামগঞ্জের একাটি গোপনীয় স্থান থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত শরীফুল ইসলাম পঞ্চগড় জেলার বোদা থানার ইসলামবাগের গোলাম কিবরিয়ার ছেলে। মেহেদী হত্যাকান্ডের সময় ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির হল সুপারের দায়িত্বরত ছিলেন তিনি। সাজিদুল রামগঞ্জ উপজেলার দক্ষিন ভাটরা মজুমদার বাড়ির মোঃ মাসুদুল ইসলাম মজুমদারের ছেলে। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মেহেদী হত্যা কান্ডের ৬দিন পর দুই জন গ্রেপ্তারের সংবাদে রামগঞ্জ উপজেলাব্যাপী সাধারন শিক্ষার্থী সহ জনসাধারন সাময়িক স্বস্তি প্রকাশ করলেও এজাহারে উল্লেখিত আসামীদের দ্রুত গ্রেপ্তারের জন্য রামগঞ্জ থানা পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দীন চৌধুরী গ্রেপ্তারের কথা স্বীকার করে বাকী আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছেন বলে জানান।
উল্লেখ্যঃ গত ১৬ জুন ফরিদ আহাম্মদ ভূঁইয়া একাডেমির আবাসিক হলে সিনিয়র শিক্ষার্থীদের নির্যাতনে ওই প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান নিহত হয়। সৃষ্ট ঘটনায় নিহতের পিতা জিয়া উদ্দিন ১৮ জুন অধ্যক্ষসহ ১৮ জনকে আসামি করে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
