অন্যত্র বালু কেনায় ম্যানেজারকে মারধর করার অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে

শেয়ার

 

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে একটি নির্মাণাধীন ভবনের কাজে নিজের দোকান থেকে মালামাল কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষকদল নেতার বিরুদ্ধে। একই সঙ্গে অন্য স্থান থেকে বালু কেনায় ভবনের ম্যানেজারকে মারধরের অভিযোগও পাওয়া গেছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হ্যাপি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ বিদায়ের পর থেকে শহরের রেহান উদ্দিন ভূঁইয়া সড়ক হ্যাপি সিনেমা হল  সংলগ্ন এলাকায় আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের নির্মাণাধীন আট তলা ভবনের জন্য প্রয়োজনীয় রড, সিমেন্টসহ বিভিন্ন সামগ্রী স্থানীয় কৃষকদল নেতা মহসিনের মালিকানাধীন ‘বন্ধন ট্রেডার্স’ থেকে কিনতে বাধ্য করা হচ্ছিল। এতে বাজারমূল্যের চেয়ে বেশি দামে মাল নিতে হয়েছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের।

ভবনের ম্যানেজার এমদাদ হোসেন পিয়াস জানান, সম্প্রতি বালুর প্রয়োজন হলে মহসিন ২৮ হাজার টাকা দাম বলেন। পরে অন্য জায়গা থেকে ২৪ হাজার টাকায় বালু কেনা হলে ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে  ঘটনাস্থলে এসে তার ওপর অতর্কিত হামলা চালান।
তিনি বলেন, “সে এসে বলে— এটা আমার সাইট, এখানে অন্য জায়গার বালু কেন আসবে। এরপরই আমাকে মারধর করে। আমরা এবং শ্রমিকরা এখন আতঙ্কে আছি।”

এ সময় ঘটনাস্থলে থাকা শ্রমিকরা জানান, কোনো পূর্ব বিরোধ ছাড়াই মহসিন এসে  ম্যানেজারের ওপর হামলা চালান, যা তাদের মধ্যে ভীতি তৈরি করেছে।

স্থানীয়দের মধ্যেও এ ঘটনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলেন, বাজারে যেখানে কম দামে পণ্য পাওয়া যাবে, সেখান থেকেই কেনা স্বাভাবিক। কাউকে  জোর করে নির্দিষ্ট দোকান থেকে মাল কিনতে বাধ্য করা গ্রহণযোগ্য নয়।
তবে অভিযুক্ত মহসিন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি পাওনা টাকা আদায়ের জন্য সেখানে গিয়েছিলেন, মারধরের কোনো ঘটনা ঘটেনি।
এ ঘটনায় এখনো থানায় কোনো  অভিযোগ দায়ের করা হয়নি। ভুক্তভোগীদের দাবি, অভিযোগ করলে আরও বড় ধরনের সমস্যার মুখে পড়তে হতে পারে—এমন আশঙ্কায় তারা নীরব রয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.