কামরুল হৃদয়: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন লক্ষ্মীপুরে কর্মরত সংবাদকর্মীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘আমার দেশ পাঠক মেলা’ লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন ছাত্র প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারাও।
মানববন্ধন পরিচালনা করেন আমার দেশ পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি রাজীব হোসেন রাজু। এতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি গাজী গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক শাকের মোহাম্মদ রাসেল এবং ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ।
বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন সাহসী ও অনুসন্ধানী সাংবাদিক। তাঁর বিরুদ্ধে বারবার ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা চলছে। বক্তারা অভিযোগ করেন, একটি চক্র সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে গণমাধ্যমের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে। তারা বলেন, “সাংবাদিকতা কোনো অপরাধ নয়। বরং মামলা দিয়ে সাংবাদিকদের দমন করাই প্রকৃত অপরাধ।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম খান, রাকিব হোসেন রনি, রেজাউল করিম সুমন, পলাশ সাহা, হাসান মাহমুদ শাকিল, আমার দেশ কমলনগর প্রতিনিধি আমজাদ হোসেন, রায়পুর প্রতিনিধি জাকির হোসেন, বিজয় টিভির প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন, বাংলা নিউজের নিজাম উদ্দিন, এশিয়ান টিভির ডালিম কুমার দাস টিটু এবং ডেসটিনি প্রতিনিধি নজির আহমদ।
সাংবাদিক নেতারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, “গণমাধ্যমের কণ্ঠরোধ করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবো।”
