রামগঞ্জে তথ্য উপদেষ্টার পিতার উপর হামলা, যুবদল-স্বেচ্ছাসেবক দলের ২জন গ্রেপ্তার

শেয়ার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের পিতা ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবকদলের এক নেতা ও যুব দলের একজন নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে ঢাকাস্থ গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী সাগর হোসেন শুক্কুর (৩৪) এবং যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী আবদুল কাদের। সাগর হোসেন শুক্কুর ইছাপুর ইউনিয়নের সোন্দড়া গ্রামের একচেটিয়া বাড়ির আলী হোসেনের ছেলে,এবং আবদুল কাদের একই গ্রামের কাদের কন্ট্রাকটর বাড়ির আবদুল আউয়াল মমিনের ছেলে।

জানা গেছে,গত ৩০ মার্চ রাতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জু দীর্ঘদিন পর নিজ গ্রাম নারায়নপুর মোল্লা বাড়িতে আসেন। তার উপস্থিতির খবর পেয়ে স্বেচ্ছাসেবকদল নেতা শুক্কুর ও যুবদল নেতা কাদেরের নেতৃত্বে দলীয় কর্মীরা তাকে ধাওয়া করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে ঘটনাস্থলে আসা তথ্য উপদেষ্টার আজিজুর রহমান বাচ্চু মোল্লা ইটের আঘাতে বাম হাতে আহত হন। ঘটনার প্রতিবাদে ঐদিন রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মেহেদী হাসান মঞ্জু তার ছাত্রলীগ দায়িত্বকালীন সময়ে এলাকায় আতংক সৃষ্টি করেন এবং বিএনপি-জামায়াতপন্থী নেতাকর্মীদের উপর একাধিকবার হামলা করেন। এমনকি তিনি ৪ আগস্ট লক্ষ্মীপুর সদর উপজেলার একটি হত্যা মামলার অন্যতম আসামি বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি একাধিকবার সাগর হোসেন শুক্কুরকে মারধর করেন বলে জানা গেছে।

আজিজুর রহমান বাচ্চু মোল্লা আহত হওয়ার খবরে ১ এপ্রিল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু এবং এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার খোঁজখবর নিতে নারায়নপুরে যান। তারা হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন,ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে তাদের আটক করে থানা হেফাজতে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.