গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন- ভয়েস এর উদ্যোগে ইফতারের আয়োজন সম্পন্ন হয়েছে। ইফতার আয়োজনের পাশাপাশি সংগঠনের ফান্ড রাইজিং এর জন্য সকল সদস্যদের একটি করে প্লাস্টিকের ব্যাংক প্রদান করা ও বিভিন্ন কর্মপরিকল্পনাও গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (৭ ই এপ্রিল) বিকেল ৫ টায় বশেমুরবিপ্রবি’র কেন্দ্রীয় মাঠে উক্ত আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস- বশেমুরবিপ্রবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্য।
ইফতার ছাড়াও সদস্যদের মাঝে ব্যাংক বিতরণ এবং নারীর প্রজনন স্বাস্থ্য বিষয়ক কর্মপরিকল্পনা গ্রহন করা হয়। উক্ত প্রোগ্রামে সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উপস্থিত হয়ে ইফতারিতে অংশগ্রহণ করে।
সংগঠনটির সভাপতি আলি আহসান বলেন, গ্রীন ভয়েস একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনের ন্যায় এটিও বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও গ্রীন-ভয়েস তার সফলতার স্বাক্ষর রাখবে।
উল্লেখ্য, গ্রীন ভয়েস একটি পরিবেশবাদী সংগঠন। “যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে “এই স্লোগানে ২০০৫ সালে এর যাত্রা শুরু।
