২০ বছর পর সরকারি রাস্তা উদ্ধার, দোকানঘর উচ্ছেদ

শেয়ার

ফরিদপুর প্রতিনিধি-

ফরিদপুরের সালথায় ২০ বছর পর প্রভাবশালীর দখল থেকে সরকারি রাস্তা উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ আগস্ট) বিকেলে সালথা বাজারের হাইস্কুল রোডে এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছলিমা আকতার।

স্থানীয় সূত্রে জানা যায়, সালথা বাজারের সরকারি রাস্তা দখল করে দোকানঘর নির্মাণ করে স্থানীয় ভাওয়াল গ্রামের মৃত রহমান মুন্সির ছেলে জাফর মুন্সি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ১৫ থেকে ২০ বছর ধরে সরকারি রাস্তা দখল করে দোকানঘর নির্মাণের কারণে মানুষ-জনের চলাফেরা খুবই কষ্টকর হয়ে পড়ে। বছর খানেক আগে সালথার তৎকালীন ইউএনও মোহাম্মদ হাসিব সরকার ওইসব দোকানঘর বন্ধ করে দেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর জাফর মুন্সি পুনরায় নিজের ইচ্ছা মতো দোকান খুলে ভাড়া দেন। পরবর্তী প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেয়।

এ বিষয়ে দোকানঘরের মালিক জাফর মুন্সি বলেন, ‘এটা আমার ক্রয়কৃত সম্পত্তি। তবে কিছু সরকারি সম্পত্তিও রয়েছে। আমার দলিল ও পিট দলিল রয়েছে। আমি সালথার সাবেক ইউএনওর অনুমতি নিয়েই পুনরায় দোকান খুলেছি।’ এ বিষয়ে ইউএনও মোছা. তাছলিমা আকতার বলেন, সার্ভেয়ার দিয়ে জমির মানচিত্র পরিমাপ করে দেখা যায় সরকারি রাস্তার ওপর দোকানঘর নির্মাণ করা হয়।

ফলে বাজার দিয়ে চলাচল করতে মানুষের খুব কষ্ট হয়। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। পর্যায়ক্রমে বেদখল হওয়া সব সরকারি জমি উদ্ধার করা হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.