আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গে ও নানাবিধ কারণে রামগঞ্জে বিএনপি’র দুই নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা বিএনপি থেকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ বহিষ্কারাদেশ জারি করা হয়। বহিষ্কৃতরা হলেন, রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। এবং একই ইউনিয়নের উপজেলা ও ওয়ার্ড বিএনপির সদস্য তরিকুল ইসলাম স্বপন।
সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট লামচর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন শেষে প্রিসাইডিং অফিসার ও উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমকে মারধর করে গুরুতরভাবে আহত করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
পরবর্তীতে ৩১ আগস্ট উপজেলা বিএনপি তাদের কাছে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। কিন্তু তাদের প্রদত্ত জবাব সন্তোষজনক না হওয়ায়, জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর নির্দেশে তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশ রয়েছে, দলীয় শৃঙ্খলাসহ যেকোনো অপকর্মে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার। এ কারণে জেলা বিএনপি সবসময় সচেতন রয়েছে।
তিনি আরও জানান, রামগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এজিএস আবুল কাশেমের উপর হামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতেও যদি কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বা অপকর্মে লিপ্ত হয়, তাহলে সে দলের যে পর্যায়ের নেতা বা কর্মী হোক না কেন, বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
