রামগঞ্জে ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় ৪ সাংবাদিক গ্রেপ্তার

শেয়ার

রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে রামগঞ্জে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটওয়ারী নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় হুমকি ও আত্মহত্যার প্ররোচনার মামলার পর চার সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক জাকির হোসেন মোস্তান, দৈনিক যায়যায়দিনের বেলায়েত হোসেন বাচ্চু, দৈনিক সমকালের জাকির হোসেন সুমন ও দৈনিক মানবকণ্ঠের শাখায়াত হোসেন জাহাঙ্গীর। চারজনই পত্রিকাগুলোর রামগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

রোববার বিকেলে রামগঞ্জ উপজেলা পরিষদের নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে লাফ দেন ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটওয়ারী। পরে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় (২৮ অক্টোরবর) সোমবার সকালে নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে হুমকি, টাকা দাবি ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ওই চার সাংবাদিকের বিরুদ্ধে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এর আগে রাতেই তাঁদের চারজনকে আটক করে পুলিশ। পরে চার সাংবাদিককে গ্রেপ্তার দেখানো হয়। মোস্তফা তারেক ইকবাল পল্লী সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখায় জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার মোস্তফা কামালের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটওয়ারী পল্লী সঞ্চয় ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে কর্মরত থাকা অবস্থায় অভিযুক্ত চার সাংবাদিক সংবাদ প্রকাশ করার হুমকি–ধমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন। ঘটনার দিনও দাবিকৃত টাকার জন্য চাপ দেওয়া হয়। একপর্যায়ে তাদের চাপ সইতে না পেরে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি। তাঁদের হুমকি-ধমকির কারণে এই ঘটনা ঘটেছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নিহতের স্ত্রী।

এদিকে ব্যাংক কর্মকর্তা ও স্বজনদের সঙ্গ কথা বলে জানা গেছে, গত এক বছর ধরে পল্লী সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখার ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তদন্ত চলছে। ওই ঘটনার তথ্য সংগ্রহের জন্য কয়েক দফা ব্যাংক ম্যানেজার রাহিমা বেগমের কাছে যান সাংবাদিকরা। কিন্তু এসব বিষয়ে সাংবাদিকদের কোনো তথ্য দেননি তিনি। এদিকে এ বিষয় নিয়ে বেশ কয়েকবার ব্যাংক কর্মকর্তা মেস্তফাা তারেকের সঙ্গেও সাংবাদিকদের কথা হয়। সর্বশেষ রোববার দুপুরে সাংবাদিকেরা আবারও ওই ব্যাংকে যান। কিন্তু রাহিমা বেগম ট্রেনিংয়ে থাকায় দায়িত্বে ছিলেন মোস্তফা তারেক ইকবাল। এ সময় টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাওয়ার একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে মোস্তফা তারেক ইকবালের কথা-কাটাকাটি হয়। এরপর ব্যাংক থেকে সাংবাদিকরা চলে যান। কিছুক্ষণ পর ব্যাংক থেকে ওই কর্মকতা বের হয়ে উপজেলা নির্মাণাধীন ভবনের ছাদে উঠে লাফিয়ে আত্মহত্যা করেন।

কর্মকর্তার স্ত্রী শারমিন আক্তার ও মা সুফিয়া কামাল অভিযোগ করেন, এ ঘটনার সাথে ব্যাংক ম্যানেজার রাহিমা বেগমও জড়িত। গ্রেপ্তারকৃত সাংবাদিকরা জানিয়েছেন, তারা নির্দোষ। আমরা অভিযোগের আলোকে তথ্য সংগ্রহের জন্য মোস্তফা কামালের বক্তব্যের জন্য গিয়েছিলাম। আমরা চলে আসার দীর্ঘক্ষণ পর ওই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, হুমকি-ধামকি ও আত্মহত্যার প্ররোচনার মামলায় চার সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সকালে নিহতের স্ত্রী ওই চার সাংবাদিকের এই মামলা দায়ের করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার (২৮অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.