আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য হাতপাখা মার্কার প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসাইন পাটওয়ারীর সমর্থনে এক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রামগঞ্জ উপজেলা ও পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই শোডাউন অনুষ্ঠিত হয়। এতে সহস্ত্রাধিক মোটরসাইকেল ও কয়েকটি পিকআপে করে দলের শত শত নেতা-কর্মী অংশ নেন। শোডাউনের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
অংশগ্রহণকারীরা দলের পতাকা ও ব্যানার নিয়ে “নবী প্রেমিক জনতার একটাই দাবী ইসলামী শাসন কায়েম হোক দেশে” এমন শ্লোগান দেন। শোডাউন শেষে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় হাতপাখা মার্কার প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসাইন পাটওয়ারীর বলেন, দেশের মানুষ ন্যায়ের শাসন ও নিরাপদ সমাজব্যবস্থা চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই আদর্শ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে হাতপাখা মার্কাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে রামগঞ্জে ইসলামী আন্দোলনের কার্যক্রমে নতুন গতি এসেছে, যা আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার চিত্রে নতুন মাত্রা যোগ করবে।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি মাওঃ মহিউদ্দিন, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা ছদর আলহাজ্ব রেজাউল করিম সেলিম আটিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাঃ রফিকুল ইসলাম,রামগঞ্জের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ মুহাঃ সাইফুল ইসলাম সহ প্রমুখ।
