মৃত্যুর পরদিন প্রকাশিত ফলে বৃত্তি পেল মিজান, আনন্দ ছাপিয়ে শোক

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মিজানুর রহমান (১১) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরদিন প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। কিন্তু যে সংবাদটি পরিবার, শিক্ষক ও সহপাঠীদের জন্য আনন্দের হওয়ার কথা ছিল, সেটিই পরিণত হয়েছে গভীর শোকে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হান্নান জানান, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১২ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৬ জন ট্যালেন্টপুল এবং ৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে বিদ্যালয় শতভাগ সাফল্য অর্জন করে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, শিক্ষার্থী মিজানুর রহমান (রোল: ৪০৬১৭৬৬) সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
তিনি বলেন, ফলাফল প্রকাশের পর মিজানের বৃত্তি পাওয়ার খবর শুনে শিক্ষক-শিক্ষার্থী কেউই আনন্দ করতে পারেনি। বরং বিদ্যালয়জুড়ে নেমে আসে শোকের ছায়া।
বৃত্তির সুখবর জানাতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হান্নান, সহকারী শিক্ষক জাহিদুল ইসলামসহ কয়েকজন শিক্ষক মিজানের বাড়িতে গেলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ছেলের সাফল্যের খবর শুনে বাবা মো. রাছেল মিয়া ও মা আকলিমা আক্তার আঁখি শিক্ষকদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

মিজানের বাবা মো. রাছেল মিয়া জানান, কয়েকদিন ধরে ছেলের জ্বর ছিল। পরে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়তে শুরু করলে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক প্রসাবে সংক্রমণ ও রক্তস্বল্পতার কথা জানান। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে ১১ জুলাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গৌরীপুর এলাকায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। পরে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার বিষয়টি জানা যায়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হান্নান বলেন, মিজানুর রহমান অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে। এমন সম্ভাবনাময় একজন শিক্ষার্থীকে হারিয়ে আমরা ভাষাহীন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইমরান হোসেন জানান, ফলাফল প্রকাশের পর বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি তাকে অবহিত করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান মৃত শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.