ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে পশুর হাট।
পারী ও খামারিরা তাদের পালিত পশু নিয়ে হাটে আসছেন। জেলার নবীনগর উপজেলায়ও ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখরিত পশুর হাট। হাটে উঠছে বিভিন্ন নামের পশু।
তবে গত কয়েকদিন ধরে ক্রেতা-বিক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘জায়েদ খান’ ও ‘শাকিব খান’ নামের দুটি ষাঁড়।
ঢাকাইয়া চলচ্চিত্রের দুই হিরোর নামে নাম রাখা ষাঁড় দুটি নবীনগর উপজেলার আহাম্মদপুর পশুর হাটে বিক্রির জন্য তোলা হয়েছে।
উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের খামারি ইউনুস মিয়া হাটে ছয়টি গরু নিয়ে এসেছেন। এরমধ্যে ‘শাকিব খান’ ও ‘জায়েদ খান’ নামের দুটি ষাড় গরু রয়েছে ক্রেতাদের কেন্দ্রবিন্দুতে।
শাকিব খানের ওজন প্রায় ৭০০ কেজি (সাড়ে ১৭ মণ)। আর জায়েদ খানের ওজন ৬০০ কেজিরও (১৫ মণ) বেশি। শাকিব খানের সাড়ে ৩ লাখ ও জায়েদ খানের ৩ লাখ টাকা দাম চাওয়া হচ্ছে।
সোমবার (৪ জুলাই) বিকেল পর্যন্ত শাকিব খানের দাম উঠেছে ২ লাখ ২০ হাজার। আর জায়েদ খানের দাম উঠেছে ১ লাখ ৮০ হাজার টাকা।
