ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার

শেয়ার

 

মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টার:

খুলনা: ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা.  এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও উদ্যোগী হতে হবে।

তিনি বলেন, মানুষের প্রত্যাশা যেমন বাড়ছে, তেমনি সমাজেও নতুন নতুন সমস্যা ও বৈষম্য তৈরি হচ্ছে। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে সমাজকল্যাণের কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে হবে।

রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ের দপ্তর থেকে অনলাইনে যুক্ত হয়ে খুলনা সিএসএস আভা সেন্টারে আয়োজিত ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন কার্যক্রম অবহিতকরণ’ শীর্ষক খুলনা বিভাগীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতি মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। অনেকেই মনে করেন, যেকোনো সমস্যায় সমাজকল্যাণ দপ্তরে গেলে তার সমাধান পাওয়া যাবে। কিন্তু সব সমস্যা এককভাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে সমাধান করা সম্ভব নয়। এসব বিষয়ে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য সংস্থারও দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার। এ কর্মসূচির প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে। পর্যায়ক্রমে এটি উপজেলা, ইউনিয়ন ও মাঠপর্যায়ে বাস্তবায়িত হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর সুপারভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং আকস্মিকভাবে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের আরও সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

 

মন্ত্রী বলেন, মানুষ যত আধুনিক ও উন্নত হচ্ছে, সমাজেও তত নতুন নতুন সমস্যা ও বৈষম্য তৈরি হচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সমাজকল্যাণের কার্যক্রম পরিচালনা করতে হবে। স্বাভাবিক জনগোষ্ঠীর পাশাপাশি প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যও আরও কার্যকরভাবে কাজ করার সুযোগ রয়েছে।

জনবল বৃদ্ধি, যন্ত্রপাতি সংযোজন ও পদোন্নতির বিষয়ে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এরই মধ্যে কিছু ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। তবে আরও অনেক ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন প্রয়োজন।

 

তিনি বলেন, আজকের আয়োজনটি সচিবসহ সংশ্লিষ্টদের সঙ্গে একটি মুক্ত, বন্ধুত্বপূর্ণ ও আন্তঃক্রিয়ামূলক আলোচনা হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে সমাজকল্যাণ সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়ের সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) মোহা. কামরুজ্জামান।

 

সেমিনারে খুলনা বিভাগের  ১০ জেলার সমাজসেবা দপ্তরের উপপরিচালক, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা অফিসার, উপজেলা সমাজসেবা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.