নির্বাচনী কাজে বাধা, বিলবোর্ড ভাঙচুর ও নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদ

শেয়ার

রামগঞ্জে ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী

মাহবুব আলমের সংবাদ সম্মেলন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর-১(রামগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যজোট প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে বাধা, বিলবোর্ড ও পোস্টার ভাঙচুর এবং নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ঐক্যজোট। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রামগঞ্জের মোহাম্মদীয়া সুইটস হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে১১ দলীয় ঐক্যজোটের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা জামায়াতে ইসলামী আমীর নাজুল হাসান পাটোয়ারী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের নির্বাচনী কার্যক্রম পরিকল্পিতভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। শান্তিপূর্ন ও নিয়মতান্ত্রিক প্রচারণা চালাতে গেলেই বিভিন্ন স্থানে বাধা সৃষ্টি করা হচ্ছে। উপজেলার জয়পুরা গ্রাম, নোয়াগাঁও বাজার, দরবেশপুর হাইস্কুল কেন্দ্রসহ বিভিন্ন এলাকায় ঐক্যজোট প্রার্থীর শাপলা কলি প্রতীকের বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে এবং নারী কর্মীদের হেনস্তার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, যা রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন।
জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেনম, উপজেলার কাঞ্চনপুর, নোয়াগাঁও, চন্ডিপুর, লামচর, দরবেশপুর, করপাড়া, ভোলাকোট ও ভাট্টা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয়েছে। একই সঙ্গে কাঞ্চনপুর ইউনিয়নের কাওলিডাঙ্গা, নোয়াগাঁও ইউনিয়নের বলড়া, চন্ডিপুরের মাছিমপুর, লামচরের মজুপুর ও কালিকাপুর, ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামসহ বিভিন্ন এলাকায় নারী কর্মীরা হেনস্থার শিকার হয়েছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, কাঞ্চনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জয়পুরা বাজারে সব বিলবোর্ড ছিঁড়ে একত্র করে পুড়িয়ে ফেলা হয়েছে। নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও বাজারে, দরবেশপুর ইউনিয়নের উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সামনে এবং ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে বিলবোর্ড ভাঙচুর করা হয়েছে। এছাড়া ভাট্টা ইউনিয়নের ১ ও ৬নং ওয়ার্ডে ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমুূলক শাস্তি এবং এসসিপি প্রার্থী, কর্মী ও ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা জামায়াতে ইসলামী আমীর নাজুল হাসান পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন ঐক্যজোটের সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ, পৌর জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন, উপজেলা এবি পার্টির সভাপতি মো. ফারুক হোসেনসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.