লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন—তাসলিমা আক্তার (২২), আলী হায়দার উসমানি (৬০) ও জাহিদুল হায়দার (২৮)।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাফিজুল্লাহ বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, মাইনুদ্দিন সুমন (৪০), আরাফাত হোসেন (২৮) ও আবুল কালাম বসু (৫৫) তাদের ওপর অতর্কিত হামলা চালান।
আহত জাহিদুল হায়দার জানান, বাড়ির পেছনে ময়লা ফেলার জন্য একটি গর্ত খোঁড়ার সময় মাইনুদ্দিন সুমন ও আবুল কালাম বসু এসে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা লাঠি ও রড নিয়ে তার বাবা আলী হায়দার উসমানির ওপর হামলা করেন। পরে তিনি বাবাকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়।
জাহিদুল আরও অভিযোগ করেন, এ সময় তার স্ত্রী তাসলিমা আক্তার (নয় মাসের অন্তঃসত্ত্বা) তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকে ধাক্কা দেওয়া হয় এবং পেটে লাথি ও ঘুষি মারা হয়।
অন্তঃসত্ত্বা তাসলিমা আক্তার বলেন, আমার শ্বশুরের সঙ্গে গর্ত খোঁড়া নিয়ে তারা ঝগড়া করছিল। আমার স্বামী বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। আমি ছাড়াতে গেলে সুমন আমার পেটে লাথি মারে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তুচ্ছ ঘটনায় হামলার অভিযোগ, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
