কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নে রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে রুহুল আমিনের ছেলে গিয়াস উদ্দিন (৪০) নামে এক প্রতিবেশীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার কর্মচারী স্থানীয় নুরুল আমিনের ছেলে ইসমাইলের বিরুদ্ধে। গত পরশু রাতে মারধরের শিকার হওয়ার পর গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মৃত্যুবরণ করলে পরিবারের পক্ষ ৯৯৯কল দিয়ে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত পরশু রাতে কথা কাটাকাটির একপর্যায়ে ইসমাইল তার প্রতিবেশী গিয়াসকে বেধড়ক মারধর ও পিটিয়ে মারাত্মক জখম করেন। আহত অবস্থায় দিনভর অসুস্থ থাকার পর গতকাল রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সায়েদ দোলন জানান, পরশু রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে ইসমাইল গিয়াসকে মারধর করে। তবে সে সারাদিন সুস্থই ছিল, রাতে হঠাৎ ইন্তেকাল করেছে।
এদিকে মর্মান্তিক এই ঘটনার পর নিহতের পরিবারের ওপর তীব্র রাজনৈতিক ও স্থানীয় প্রভাব বিস্তার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার বিষয়ে নিহতের স্বজনরা ভয়ে গণমাধ্যমের সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা দাবি করেছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও চাপ প্রয়োগ করে রাতের মধ্যেই পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালানো হচ্ছে।
কমলনগর থানার ওসি ফরিদুল আলম বলেন, এবিষয়ে আমরা অবগত। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। লাশ ময়নাতদন্ত (পোস্টমর্টেম) করার জন্য মর্গে পাঠানো হয়েছে।
