ঈদ বোনাস বৃদ্ধির দাবিতে গাজীপুর নগরের তেলিপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন স্মাগ সোয়েটার কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে আন্দোলনে নামেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিপাড়া এলাকায় ইসমক্স সোয়েটার কারখানার শ্রমিকরা আজ সকাল ৮টায় কাজে যোগ না দিয়ে ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন। পরে তারা বিক্ষোভ মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। সকাল ১০টা থেকে শ্রমিকদের অবরোধ শুরু হয়। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। অনেকেই পায়ে হেঁটে বা বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন।
আরও পড়ুন: ভারতে নারীদের পাচারের পর পতিতাবৃত্তিতে বাধ্য করত বাংলাদেশিরাই: ইডির তদন্ত
শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করলেও ঈদ বোনাস নিয়ে তালবাহানা করছে। ৮০০ টাকা করে ঈদ বোনাস দেওয়া হবে মালিক পক্ষের ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। তারা বেসিক বেতনের অর্ধেক ঈদ বোনাস, নাইটলাউন্স, মাতৃত্বকালীন ছুটিসহ ১৪ দফা দাবি তুলে ধরেন।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি কাউসার আহমেদ বলেন, শ্রমিকদের সময়মতো সরকার নির্ধারিত হিসাবে বেতন-বোনাস দেওয়া হয়েছে। তারপরও শ্রমিকেরা বেশি বোনাসের দাবিতে সকাল থেকে বিক্ষোভ করছেন।
