অভিষেকেই হৃদয়ের ফিফটি, জিতেছে দলও
দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এবারই প্রথম খেলতে গেলেন তাওহীদ হৃদয়। ছন্দে থাকা ডানহাতি এই ব্যাটার নিজের জাত চেনাতে সময় নিলেন না। লঙ্কা প্রিমিয়ার লিগে অভিষেকেই হাঁকিয়েছেন ফিফটি। সেই ফিফটিতে ভর করে জয় তুলে নিয়েছে তার দল জাফনা কিংসও। আজ আসরের উদ্বোধনী ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সকে ২১ রানে হারায় তারা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্ট্রাইকার্স। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের ভেতরই দুই ওপেনারকে হারায় জাফনা। এরপর দলের হাল ধরেন হৃদয়। তৃতীয় উইকেটে চারিথ আসালাঙ্কার সঙ্গে ২৪ রানের পর প্রিয়ামল পেরেরাকে নিয়ে চতুর্থ উইকেটে ৪১ রানের জুটি গড়েন তিনি। এরপর পঞ্চম উইকেটে দুনিথ ভেলালাগেকে ৫০ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান শক্ত অবস্থানে।:
