এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল
এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া সব পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফল কীভাবে করা হবে তা পরে জানানো হবে। মঙ্গলবার (২০ আগস্ট) কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, স্থগিত থাকা পরীক্ষাগুলো না নেওয়ার জন্য এইচএসসি পরীক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই স্থগিত থাকা বিষয়গুলোর পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। ফলাফল কীভাবে নির্ধারণ হবে, তা পরে সিদ্ধান্ত হবে। এর আগে দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন হাজারও এইচএসসি পরীক্ষার্থী। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা না দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, এরইমধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে, তার ভিত্তিতেই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।:
