কমলনগরে ১১ জেলের কারাদণ্ড,জাল ও মাছ জব্ধ

শেয়ার

এহসান রিয়াজ, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ১১ জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ২ লাখ ৭৫ হাজার মিটার  অবৈধ কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয় এবং অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩টার  দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

দন্ডপ্রাপ্ত জেলেরা হলো- মো. ওসমান, মোঃ কাদির, মো.রাকিব, মো. আকরাম, মো.আকতার হোসেন, মো. হাসান, মোঃ আজগর, আবদুল গনি,  মোঃ রাসেল, মোঃ বাচ্চু মাঝি ও মো.শাহাদাত।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার মাতাব্বরহাট থেকে মতিরহাট এলাকা পর্যন্ত মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে  উপজেলা মৎস্য কার্যালয় ও কোস্ট গার্ড। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ১১ জেলেকে আটক করা হয়। পাশাপাশি জব্দ করা হয় প্রায় ২ লাখ ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৬০ কেজি ইলিশ মাছ।

পরে আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ব্যবস্থা নেয় ভ্রাম্যমাণ আদালত। আদালত প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম  কারাদণ্ড দেন। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। অন্যদিকে, অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা  তুর্য শাহা বলেন, মৎস্যসম্পদ রক্ষা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.