আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্মাণ কাজ শেষ না হতেই ফেটে গেছে ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে ১কোটি ১৩লাখ ৯২হাজার টাকা ব্যায়ে নির্মাণাধীন একটি ব্রীজ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের তদারকির অবহেলায় এম এস এ এইচ ট্রেডার্স লক্ষ্মীপুর নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজের ফলেই এমন ঘটনার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ জনসাধারণের। এনিয়ে স্থানীয়ভাবে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তায়ন দপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থ বছরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে এম এস এ এইচ ট্রেডার্স রামগঞ্জের কাওয়ালীডাঙ্গা নামক স্থানে ওয়াপদা খালের উপর ২০২৫সনের ১৯ডিসেম্বর গার্ডার ব্রীজটির কাজ শুরু করে। ওয়ার্কওয়াডার মোতাবেক চলতি বছরের ১০মে ব্রীজটির কাজ শেষ হবার কথা ছিল । ৮জুন সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় ব্রীজটির নির্মাণকাজ এখনো চলমান রয়েছে। এমন অবস্থায় ব্রীজের পশ্চিম পাশের উত্তর এবং দক্ষিণ অংশের নিচে মূুল পিলারে ফাটল দেখা দিয়েছে। আর ঐ ঠিকাদারের কর্মচারীগণ সিমেন্টের আস্তর দিয়ে ঐ ফাটল ঢেকে দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছে।
এসময় শাহাবুদ্দিন, ফজলু মিয়া, শহরআলীসহ স্থানীয় মুরব্বিগণ অভিযোগ করে জানান, নির্মানাধীন ব্রীজটির গুরুত্ব অপরিসীম। নির্মাণ কাজ শেষ হলে ব্রীজটি দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষজন ও ভারি যানবাহন যাতায়াত করবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজ সঠিক করেনি। সংশ্লিষ্ট রামগঞ্জ দপ্তরের কোন কর্মকর্তাকে তদারকি করতেও দেখা যায়নি বলে জানান তারা।
এব্যাপারে রামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপসহকারী প্রকৌশলী মাহাবুবুর রহমান তালুকদার, কার্য-সহকারি মোঃ সজিবের সাথে মুঠোফোনে কথা হলে তারা উভয়ে ব্রীজটি সম্পর্কে কিছুই জানেননা বলে জানান।
অপরদিকে মন্তব্য নেওয়ার জন্য বারংবার রামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাসের মেবাইলে ফোন করলেও রিসিভ না করায় তা সম্ভব হয়নি।
