কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে আপন চাচাতো ভাইকে গলাকেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ১৬ মার্চ দুপুরে উপজেলা হাজিরহাট ইউনিয়নের কাঠ মেস্তুরি দুলাল(৩৪)কে হত্যার উদেশ্য ছুরিকাঘাতে গলার ডান পাশে কেটে ফেলার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাই মহি উদ্দিন সুমন(৩২) বিরুদ্ধে।
আহত দুলালের পিতা জসিম উদ্দিন জানান, বাড়ির দরজার সামনে রাস্তার ওপর কিছু মাটি দেওয়ার বিষয়কে কেন্দ্র করে সুমনের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। পরে হঠাৎ ধারালো ছুরি নিয়ে দুলালের গলায় আঘাত করে তাকে জবাই করে হত্যার চেষ্টা করে।
পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় দুলালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকরা তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান।
