রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় কৃষিজমির মূল্যবান টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ভেকু মেশিন (এক্সকাভেটর) নিষ্ক্রিয় করা হয়েছে।
একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পৃথক দুই স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,উপজেলার ৭নং জয়নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পারিলা গ্রাম এবং একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের আনুলিয়ার বিল এলাকায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ঘটনাস্থলে থাকা ৫টি ভেকু মেশিন তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ সময় কিছু ভূমির মালিক দাবি করেন, ফসল না হওয়া কিংবা পানি জমে থাকার কারণে বিলের জমিতে পুকুর খনন অথবা পুরাতন পুকুর সংস্কার করা হচ্ছিল।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,যারা বৈধভাবে পুকুর খনন বা সংস্কার করতে চান, তারা মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী বরাবর লিখিত আবেদন করতে পারবেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, “ফসলি জমি রক্ষা এবং কৃষিজমির মূল্যবান টপসয়েল সংরক্ষণে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
