ভোটকেন্দ্রে কারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন-কারা পারবেন না, জানাল ইসি

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে বিধিনিষেধ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ইসি জানিয়েছে, ভোটকেন্দ্রে কারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন আর কারা পারবেন না।

মঙ্গলবার নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে যারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন তারা হলেন–

(ক) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার,

(খ) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ

(গ) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি এর ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী ০২ (দুই) জন আনসার সদস্য.

(ঘ) ‘নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫’ এবং ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুসরণে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশী ও বিদেশি যথাক্রমে সাংবাদিক ও পর্যবেক্ষকেরা এবং

(ঙ) প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্ট এবং ভোটার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভোটকেন্দ্রে কর্মরত সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট এবং আইন শৃঙ্খলা  বাহিনীর অপরাপর সদস্য (খ ও গ-এ বর্ণিত ব্যক্তি ব্যতীত) ভোটকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না।

এ ছাড়া ভোটের গোপনীয়তা রক্ষার স্বার্থে কেউই গোপন কক্ষে (মার্কিং প্লেস) মোবাইল  ফোন ব্যবহার করতে পারবে না। উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয় ইসি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.