নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে বিধিনিষেধ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ইসি জানিয়েছে, ভোটকেন্দ্রে কারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন আর কারা পারবেন না।
মঙ্গলবার নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে যারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন তারা হলেন–
(ক) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার,
(খ) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ
(গ) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি এর ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী ০২ (দুই) জন আনসার সদস্য.
(ঘ) ‘নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫’ এবং ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুসরণে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশী ও বিদেশি যথাক্রমে সাংবাদিক ও পর্যবেক্ষকেরা এবং
(ঙ) প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্ট এবং ভোটার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভোটকেন্দ্রে কর্মরত সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট এবং আইন শৃঙ্খলা বাহিনীর অপরাপর সদস্য (খ ও গ-এ বর্ণিত ব্যক্তি ব্যতীত) ভোটকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না।
এ ছাড়া ভোটের গোপনীয়তা রক্ষার স্বার্থে কেউই গোপন কক্ষে (মার্কিং প্লেস) মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয় ইসি।
