আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেইজবুক লাইভে কটুক্তিমূলক কথা বলার অভিযোগে বিতর্কিত বক্তা রফিক উল্ল্যা আফসারীকে অবাঞ্চিত ঘোষণা করেছে রামগঞ্জ উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে উপজেলার দল্টা বড় বাড়িতে পূর্বনির্ধারিত ওয়াজ মাহফিল চলছিলো।
মাহফিলে রফিক উল্ল্যা আফসারীর উপস্থিতির খবর বিএনপি যুবদল ও ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজিত নেতাকমীরা ঘটনাস্থলে পৌছার আগেই রফিক উল্ল্যা আফসারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবুর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যাওয়ার খবরে মাহফিল দ্রুত শেষ করে দেয়। এর আগে মঙ্গলবার সকালে রফিক উল্লা আফসারী ফেইজবুকের নিজ ভেরিফাইড আইডি থেকে লাইভে খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কুটক্তিমূলক কথা বার্তা বলেন।
এসময় রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু বলেন, রফিক উল্ল্যা আফসারী অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক বিদ্বেষমূলক ও উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি করে তিনি ধর্মীয় মাহফিলকে বিতর্কিত করে তুলেছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁকে নিয়ে কটুক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই রফিক উল্ল্যা আফসারীকে রামগঞ্জ উপজেলায় অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে এবং ভবিষ্যতে এ উপজেলায় কোথাও তাকে কোনো ওয়াজ মাহফিল করতে দেওয়া হবে না। রামগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
