আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন করবেন কাউন্সিলররা।
এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে গত ৩ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার (১৪ সেপ্টেম্বর) রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ, জমা, যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের পর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, উপজেলায় সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী রয়েছেন। পৌরসভায় সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রার্থী রয়েছেন।
রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদে মোজাম্মেল হক মজু (ছাতা), সাহাবুদ্দিন তুর্কি (চেয়ার), সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন জিএস (মোরগ), আবদুর রহিম ভিপি (দেওয়াল ঘড়ি), সাংগঠনিক সম্পাদক পদে আবুল বাশার সতু (মাছ), নজরুল ইসলাম পিন্টু (ফুটবল), মহিবুর রহমান পাটোয়ারী (টিউবওয়েল), আমজাদ হোসেন (আম) মার্কা নিয়ে প্রতিদন্ধিতা করছেন।
রামগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি পদে শেখ মোহাম্মদ কামরুজ্জামান (ছাতা), ইসমাইল হোসেন বেঙ্গল (চেয়ার), এডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্ছু (আনারস), সাধারণ সম্পাদক পদে তোফায়েল আহম্মদ (দেওয়াল ঘড়ি), মোঃ আলমগীর হোসেন মিয়া (মোরগ), গিয়াশ উদ্দিন পলাশ (দোয়াত কলম), সাংগঠনিক সম্পাদক পদে আওরঙ্গজেব বাবলু (ফুটবল), মোঃ রেজাউল করিম (আম), ইকবাল চৌধুরী (মাছ), মিজানুর রহমান মিরন (টিউবওয়েল), ওয়াবেদ উল্যাহ (মই) মার্কা নিয়ে প্রতিদন্ধিতা করছেন।
নির্বাচনকে ঘিরে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উত্তেজনা বিরাজ করছে। প্রার্থীরা দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন। হাট-বাজার, দোকানপাট, অলিগলি সর্বত্রই পোস্টার-ফেস্টুনে ছেয়ে গেছে। বিভিন্ন স্থানে সমর্থকদের মিছিলও দেখা যাচ্ছে। গত তিন মাসে উপজেলা ও পৌরসভার ৯৯টি ওয়ার্ড ও ১০টি ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। নেতাকর্মীরা আশা করছেন, জেলা বিএনপির দিকনির্দেশনায় নির্বাচন পরিচালনা কমিটি এ নির্বাচনও সুন্দরভাবে সম্পন্ন করবে।
উপজেলায় ১০ ইউনিয়নের ৭১ সদস্য কমিটির মোট ৭১০ জন ভোটার এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের ৭১ সদস্য কমিটির ৬৩৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
