আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
বাড়ির মালিকের জবরদস্তিতে ছাদে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ শিপন আহম্মেদ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বালুয়া চৌমুহনী বাজার সংলগ্ন প্রবাসী মোঃ আলমের বাড়িতে। নিহত শিপন রামগঞ্জ পৌর জগতপুর গ্রামের আহম্মেদ আলী বেপারী বাড়ির মৃত মন্তাজ আহম্মেদের ছেলে। সৃষ্ট ঘটনার বিচার চেয়ে রোববার সকালে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করলে বাড়ির মালিক আলম পরিবার পরিজন নিয়ে পালিয়ে যায়। রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্র জানায়, বালুয়া চৌমুহনী বাজার সংলগ্ন দরবেশপুর হাইস্কুল সড়কের পাশে প্রবাসী আলমের নির্মানাধীন বিল্ডিংয়ে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতো শিপন। বুধবার আলম ও তার স্ত্রী লিপি শিপনকে তাদের বিল্ডিংয়ের ছাদে জোরপূর্বক কাজ করতে পাঠায়। এসময় কাজ করতে গিয়ে ছাদের উপর থাকা বৈদ্যুতিক তারে পৃষ্ট হয়ে শিপন গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে রামগঞ্জ সরকারী হাসপাতাল ও পরে অবস্থার অবনতি দেখে ঢাকাস্থ বিএনকে (প্রাঃ) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। রোববার তার লাশ রামগঞ্জে আনা হলে স্থানীয় এলাকাবাসী শিপনের লাশ নিয়ে বাড়ির মালিক আলমের বিচারের দাবিতে চৌমুহনী বাজারে বিক্ষোভ প্রদর্শন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দফারফার প্রস্তুতি চলছিলো।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আঃ বারী জানান, নিহত শিপনের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেননি।
